নেত্রকোনার ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি এবার দেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে। শত বছরের পুরনো এই মিষ্টিকে সম্প্রতি পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি) দেশের ৫৮তম জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত করেছে।
প্রায় ১২০ বছর আগে নেত্রকোনা শহরের বারহাট্টা রোডে স্থানীয় মিষ্টান্ন প্রস্তুতকারক গয়ানাথ ঘোষ প্রথম এই মিষ্টি তৈরি করেন। ছোট বালিশের মতো লম্বাটে আকৃতি ও তুলতুলে গঠন থেকেই এর নাম হয় ‘বালিশ মিষ্টি’।
দুধ, ছানা ও চিনি দিয়ে তৈরি এই মিষ্টির ঘন মালাই প্রলেপই এর স্বাদে আনে আলাদা মাত্রা। একসময় মাত্র ৫০ পয়সায় বিক্রি হলেও এখন আকারভেদে ৩০ থেকে ১,০০০ টাকা দামে পাওয়া যায়।
গয়ানাথ ঘোষের তৈরি আদি দোকানটি বর্তমানে পরিচালনা করছেন নিখিল মোদকের তিন ছেলে। তারা বলেন,
“বালিশ মিষ্টি শুধু খাবার নয়, এটি নেত্রকোনার ঐতিহ্য। জিআই স্বীকৃতি পাওয়ায় আমরা গর্বিত।”
নেত্রকোনার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন,
“নেত্রকোনার নাম শুনলেই বালিশ মিষ্টি মনে পড়ে। জিআই সার্টিফিকেট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”