নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চল নিলক্ষ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কুয়েত প্রবাসী মামুন মিয়া (২৫) নিহত হয়েছেন। সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নিলক্ষ্যার দড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মামুন মিয়া একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি মাত্র ১৫ দিন আগে কুয়েত থেকে ছুটিতে দেশে আসেন। গুরুতর আহতদের মধ্যে মামুনের বাবা আব্দুল আউয়াল (৫৫) এবং পরশ মিয়া (৪৫)-কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, নিলক্ষ্যায় দীর্ঘদিন ধরে প্রয়াত শহিদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সকালে হরিপুর বাজারে ফেলু মিয়ার নাতিন জামাই মামুনের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের বাকবিতণ্ডা হলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে গোলাগুলিতে মামুনসহ কয়েকজন আহত হন। পরে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, “একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।”