ইংলিশ ক্লাব চেলসির বয়সভিত্তিক দলে খেলা বেলজিয়ান ফুটবলার লামিশা মুসোন্দা গুরুতর অসুস্থতায় আক্রান্ত হয়ে হৃদয়বিদারক এক ঘোষণা দিয়েছেন। ৩৩ বছর বয়সী এই ফুটবলার জানিয়েছেন, তার হাতে আর খুব বেশি সময় নেই।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লামিশা লেখেন, তিনি বুঝতে পারছেন তার জীবনের সময় সীমিত। তবে এই কঠিন সময়ে পাশে থাকা মানুষগুলোর উপস্থিতি তাকে মানসিক শক্তি জোগাচ্ছে। তিনি বলেন, জীবনের উত্থান-পতনের ভেতর দিয়ে মানুষ যে ভেতরের ব্যথা বয়ে বেড়ায়, তা অন্য কেউ অনুভব করতে পারে না। গত দুই বছর তার জন্য ছিল সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং সময়।
স্বাস্থ্যগত অবনতির কারণে দীর্ঘদিন সামাজিক মাধ্যমে অনুপস্থিত থাকার কথাও জানান তিনি। যদিও ঠিক কোন রোগে ভুগছেন, তা প্রকাশ করেননি, তবে তার শারীরিক অবস্থা যে গুরুতর—তা স্পষ্ট করেছেন।
পোস্টে লামিশা আরও লেখেন, তিনি বেঁচে থাকার জন্য লড়াই করছেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত হার মানবেন না। এই সময়ে সবার সহায়তা ও প্রার্থনা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। পরিবার নিয়েও এই লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দুঃখ প্রকাশ করে তিনি বলেন, জীবনের এই পর্যায়ে অনেক মানুষের প্রতি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাতে চাইলেও বাস্তবতা হয়তো সে সুযোগ দেবে না।
২০১২ সালে বেলজিয়ান ক্লাব আন্ডারলেখট থেকে দুই ভাই টিকা ও চারলিসহ চেলসির বয়সভিত্তিক দলে যোগ দেন লামিশা মুসোন্দা। সেখানে দুই বছর খেলেন তিনি। পরবর্তী সময়ে স্পেনের নিম্নস্তরের লিগে খেলেছেন এবং ২০২০ সালে অবসরের আগে বেলজিয়াম অনূর্ধ্ব-২১ দলের হয়ে নয়টি ম্যাচে অংশ নেন।
চেলসির সিনিয়র দলে খেলার সুযোগ না পেলেও, তার ছোট ভাই চারলি সাতটি ম্যাচ খেলেছেন। অন্য ভাই টিকা বর্তমানে ফুটবলার স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত আছেন।