রাশিয়া সফলভাবে ‘বুরেভেস্টনিক’ নামের নতুন পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রবিবার (২৬ অক্টোবর) সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, “সিদ্ধান্তমূলক পরীক্ষা শেষ হয়েছে,” এবং তিনি এই ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার সশস্ত্র বাহিনীতে যুক্ত করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।
পুতিন বুরেভেস্টনিককে ‘বিশ্বে অনন্য’ বলে উল্লেখ করে জানান, এর রয়েছে ‘অসীম পাল্লা’।
রুশ সেনাবাহিনীর চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভ জানান, ২১ অক্টোবরের পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি ১৫ ঘণ্টা উড়ে ১৪ হাজার কিলোমিটার অতিক্রম করেছে। তিনি আরও বলেন, এটি “অত্যন্ত সুরক্ষিত লক্ষ্যবস্তুর বিরুদ্ধেও নির্ভুল আঘাত হানতে সক্ষম।”
২০১৮ সালে পুতিন প্রথম এই ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘোষণা করেন, দাবি করেন এটি যুক্তরাষ্ট্রের যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম।
সাত বছর পর সফল পরীক্ষার এই ঘোষণা আসে এমন এক সময়ে, যখন রাশিয়ার বাহিনী ইউক্রেনে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।