অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নেপালকে দাপটের সঙ্গে হারিয়ে সেমিফাইনালের খুব কাছে পৌঁছে গেছে বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর ওপেনার জাওয়াদ আবরারের অপরাজিত ৭০ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে আজিজুল হক তামিমের নেতৃত্বাধীন যুবা টাইগাররা।
সোমবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক আজিজুল তামিম। শুরু থেকেই টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বিপর্যয়ে পড়ে নেপালের ব্যাটিং লাইনআপ। দলীয় ৬১ রানের মধ্যেই ৫ উইকেট হারায় তারা। শাহিল প্যাটেল ১৮, ভানস ছেত্রী ৪, নিরাজ কুমার ১৪, কিবরিন শ্রেষ্ঠা ৫ রান করে আউট হন। নিশ্ছল কোনো রান না করেই সাজঘরে ফেরেন।
এরপর অধিনায়ক অশোক ধামিও বেশি দূর যেতে পারেননি। মাত্র ৫ রান করে তিনি আউট হন। পরে আশিষ লুহা ও অভিষেক তিওয়ারি কিছুটা প্রতিরোধ গড়লেও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় নেপাল। শেষ পর্যন্ত ৩১ ওভার ১ বলে ১৩০ রানে অলআউট হয় তারা। আশিষ ৪১ বলে ২৩ ও অভিষেক ৪৩ বলে ৩০ রান করেন। বাংলাদেশের পক্ষে সবুজ ছিলেন সবচেয়ে সফল বোলার, নেন ৩টি উইকেট।
১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। দলীয় ২৯ রানের মধ্যেই দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। রিফাত বেগ ৫ ও অধিনায়ক আজিজুল তামিম ১ রান করে ফিরে যান।
তবে এরপর কালাম সিদ্দিকিকে সঙ্গে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন ওপেনার জাওয়াদ আবরার। তৃতীয় উইকেটে ৯২ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত শক্ত করেন তারা। কালাম ৩৪ রান করে আউট হলেও নিজের ফিফটি তুলে নেন জাওয়াদ।
শেষদিকে রিজান হোসেনকে সঙ্গে নিয়ে ১৫১ বল হাতে রেখেই জয়ের লক্ষ্য পূরণ করে বাংলাদেশ। জাওয়াদ আবরার ৭টি চার ও ৩টি ছক্কায় ৬৮ বলে অপরাজিত ৭০ রান করেন। রিজান ৮ বলে ১২ রান যোগ করেন। নেপালের পক্ষে অভিষেক তিওয়ারি ও যুবরাজ ক্ষাত্রী একটি করে উইকেট নেন।
এই জয়ের ফলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো বাংলাদেশ। গ্রুপের অন্য ম্যাচে আফগানিস্তান যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায়, তাহলে এক ম্যাচ হাতে রেখেই শেষ চার নিশ্চিত করবে যুবা টাইগাররা।