বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাদের পুত্রসন্তানের নাম প্রকাশ করেছেন। জন্মের প্রায় দুই মাস পর সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের হাতের ছবি শেয়ার করে নাম জানান ক্যাটরিনা।
সোমবার নিজের পোস্টে ক্যাটরিনা লেখেন, ‘আমাদের আলোর রশ্মি বিহান কৌশল। আমাদের প্রার্থনার ফল। জীবন সত্যিই সুন্দর। এক মুহূর্তে আমাদের জীবন বদলে গেছে। কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই।’
গত বছরের ৭ নভেম্বর প্রথমবারের মতো বাবা-মা হন ক্যাটরিনা ও ভিকি। সন্তানের জন্মের পর থেকে তাঁকে প্রকাশ্যে আনেননি এই তারকা জুটি। ফলে ভক্তদের মধ্যে সন্তানের নাম জানার আগ্রহ ছিল দীর্ঘদিনের।
‘বিহান’ একটি সংস্কৃত শব্দ, যার অর্থ ভোর বা সকাল—নতুন সূচনার প্রতীক হিসেবে শব্দটির ব্যবহার করা হয়। পোস্ট প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও শুভেচ্ছা ও ভালোবাসা জানান।
ক্যাটরিনার পোস্টে মন্তব্য করেছেন পরিণীতি চোপড়া, দিয়া মির্জা, ভূমি পেডনেকার, হৃতিক রোশন, অদিতি রাও হায়দারিসহ অনেকেই।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সাওয়াই মাধোপুরের একটি রিসোর্টে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।