রাজশাহীর পুঠিয়ায় বাজারের ভেতর বালুবোঝাই ট্রাক উল্টে অন্তত তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (আজ) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ঝলমলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঝলমলিয়া বাজারের কলা বেচাকেনার স্থানে একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অন্তত তিনজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এ ছাড়া আরও একজন নিহত হয়েছেন বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। তার মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন বলে জানা গেলেও বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।