কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলে ফের আতঙ্ক ছড়িয়েছে। নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা এলাকা থেকে দুইটি মাছ ধরার নৌকাসহ ৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে মাছ শিকার শেষে ঘাটে ফেরার সময় এ ঘটনা ঘটে। অপহৃত ট্রলার দুটি শাহপরীর দ্বীপ ডাংগরপাড়া এলাকার রাশেদ ও মো. ফারুকের মালিকানাধীন বলে জানা গেছে।
শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গফুর জানান, সকালে চারটি মাছ ধরার নৌকা একসঙ্গে বঙ্গোপসাগরের মোহনা এলাকা থেকে ঘাটে ফিরছিল। এ সময় হঠাৎ আরাকান আর্মির সদস্যরা ধাওয়া দিলে দুটি নৌকা কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়। তবে বাকি দুটি নৌকা ধরা পড়ে এবং সেগুলোতে থাকা ৯ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রলার মালিক ও জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেক জেলে এখন সাগরে যেতে ভয় পাচ্ছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম জানান, দুটি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, গত ১০ মাসে নাফ নদী ও সংলগ্ন বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকা থেকে অন্তত ৩৫০ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিজিবির সহায়তায় এদের মধ্যে প্রায় ২০০ জনকে ফেরত আনা সম্ভব হলেও এখনো প্রায় ১৫০ জন জেলে তাদের হাতে আটক রয়েছেন।
এ ধরনের ঘটনার কারণে উপকূলীয় এলাকায় জেলেদের মধ্যে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রবণতা দিন দিন কমে যাচ্ছে, যা স্থানীয় জীবিকা ও নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।