সাগর থেকে ক্রিকেটার মুশফিকের ভাতিজার মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর কলেজছাত্র জুহায়ের আয়মানের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সমিতি পাড়া সংলগ্ন সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করে জেলা প্রশাসনের পর্যটন সেল।

জানা যায়, নিহত বগুড়া পৌরসভার কাটনারপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শরিফুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য মুশফিকুর রহিমের ভাতিজা।

জেলা প্রশাসনের পর্যটন শাখার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) মো. আজিম খান জানান, গতকাল রবিবার দুপুরে বগুড়া থেকে আসা তিন শিক্ষার্থী লাবণী পয়েন্টে গোসলে নামেন। এসময় জোয়ারের ঢেউয়ে তারা ভেসে যান। তাৎক্ষণিক লাইফগার্ড সদস্যরা দুজনকে জীবিত উদ্ধার করলেও জুহায়ের নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে পেতে ফায়ার সার্ভিস, লাইফগার্ড ও জেলা প্রশাসন গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

আজ সোমবার সকালে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে জেলা প্রশাসনের পর্যটন সেল।

নিহতের মামা মো. মোজাহিদুর রহিম জানান, পরিবারের পক্ষ থেকে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বগুড়া নিয়ে যাওয়া হবে।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *