তিন ক্রিকেটারের মৃত্যু নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মন্তব্যে পাকিস্তানের তীব্র প্রতিবাদ করেছে এবং আইসিসির সাম্প্রতিক বিবৃতিকে ‘পক্ষপাতদুষ্ট ও আগাম সিদ্ধান্তমূলক’ আখ্যা দিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সতর্ক করেছেন, এমন মন্তব্য খেলাধুলাকে রাজনৈতিক রূপ দিতে পারে এবং বৈশ্বিক ক্রিকেটে আস্থার সংকট তৈরি করতে পারে।
রোববার এক্স পোস্টে তিনি বলেন, সন্ত্রাসবাদের প্রধান ভুক্তভোগী পাকিস্তান আইসিসির পক্ষপাতমূলক ও যাচাইবিহীন মন্তব্যকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। আইসিসি সম্প্রতি দাবি করে, আফগানিস্তানের তিন ক্রিকেটার পাকিস্তানের বিমান হামলায় নিহত হয়েছেন।
এই দাবিতে ক্ষোভ প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, আইসিসি কোনো স্বাধীন সূত্র বা প্রমাণ উপস্থাপন করেনি। বরং একটি বিতর্কিত অভিযোগকে প্রতিষ্ঠিত সত্যের মতো তুলে ধরে সংস্থাটি নিজের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।
তারার অভিযোগ, বিবৃতি প্রকাশের পরপরই আইসিসির চেয়ারম্যান জয় শাহ এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড একই ধরনের মন্তব্য করে একধরনের ‘পরিকল্পিত প্রতিধ্বনি’ তৈরি করেছে। এটি পাকিস্তানবিরোধী অবস্থান তুলে ধরার একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান নেতৃত্বের অধীনে আইসিসিকে ঘিরে একাধিক অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হয়েছে, যা মূলত পাকিস্তান ক্রিকেটকে লক্ষ্য করে। ‘হ্যান্ডশেক বিতর্ক’-এর ঘটনাও তারই সাম্প্রতিক উদাহরণ।
শেষে তিনি জোর দিয়ে বলেন, খেলাধুলায় কখনোই রাজনীতি ঢোকানো উচিত নয়। আইসিসিকে নিরপেক্ষতা ও ন্যায্যতার জায়গায় ফিরতে হবে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমান নেতৃত্বের ভারতীয় পরিচয় কোনোভাবেই সংস্থার সিদ্ধান্তকে প্রভাবিত করা ঠিক নয়।