দেশের সরকারি ও মহানগর ও জেলা–উপজেলা সদরের সব বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী শুক্রবার। ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে আগের মতোই।
ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, আবেদন শুরু হবে শুক্রবার সকাল ১১টায়। শিক্ষার্থীরা gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে ৫ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন। টেলিটকের প্রি–পেইড মোবাইল থেকে ১০০ টাকা ফি দিয়ে আবেদন সম্পন্ন করা যাবে। গতবারের তুলনায় এবার ফি কমানো হয়েছে ১০ টাকা।
লটারির সম্ভাব্য তারিখ ১৪ ডিসেম্বর। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি চলবে ১৭ থেকে ২১ ডিসেম্বর। প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি ২২ থেকে ২৪ ডিসেম্বর এবং দ্বিতীয় তালিকা থেকে ২৭ থেকে ৩০ ডিসেম্বর।
আবেদনের সময় একটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করা যাবে। মহানগর, জেলা সদর ও উপজেলা সদরের স্কুলগুলোই তালিকায় থাকবে। ডাবল শিফট স্কুলের উভয় শিফট বাছাই করলে তা দুটি পছন্দ হিসেবে গণ্য হবে। একই স্কুল বা শিফট দ্বিতীয়বার নির্বাচন করা যাবে না। সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা বা মৌখিক পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষক–কর্মচারীদের ভর্তিযোগ্য সন্তানের জন্য নিজ নিজ বিদ্যালয়ে অতিরিক্ত আসন সংরক্ষিত থাকবে; তাদের আলাদা করে আবেদন করতে হবে না।
একই সময় বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজেও অনলাইন আবেদন গ্রহণ করা হবে। এগুলোতেও বয়সসীমা ও ভর্তি–নীতিমালা সরকারি বিদ্যালয়ের মতোই থাকবে। বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক বা পরিচালনা কমিটির সদস্যদের সন্তানের জন্য কোনো আলাদা কোটা নেই।
নীতিমালা অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ২০২৬ সালের ১ জানুয়ারি ন্যূনতম পাঁচ বছর এবং ৩১ ডিসেম্বর সর্বোচ্চ সাত বছর হতে হবে। অর্থাৎ জন্ম তারিখ ১ জানুয়ারি ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯–এর মধ্যে হতে হবে।