সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার ঢাকায় আসছে না। বিমানটি অবতরণ ও উড্ডয়নের আগের অনুমতি প্রত্যাহারের জন্য আবেদন করেছে কাতারের ব্যবস্থাপনায় পরিচালিত জার্মান এফএআই এভিয়েশন গ্রুপ।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা। তিনি জানান, অপারেটর প্রতিষ্ঠানটি স্থানীয় সমন্বয়কারীর মাধ্যমে পূর্বে নেওয়া স্লট অনুমোদন বাতিলের আবেদন করেছে, যা বেবিচক থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।
এর আগে গত রোববার জমা দেওয়া আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় অবতরণ এবং রাত ৯টায় উড্ডয়নের অনুমতি পেয়েছিল। কাতার সরকারের সহযোগিতায় ভাড়া নেওয়া বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের এই জেট সাধারণত দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনে ব্যবহৃত হয়।
অনুমতি প্রত্যাহারের আবেদন করায় আপাতত খালেদা জিয়াকেও লন্ডনে নেওয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছে বেবিচক।