হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে যুক্ত হচ্ছে চারটি দেশের বিশেষজ্ঞ দল। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা অগ্নিকাণ্ডের কারণ, অব্যবস্থাপনা ও দায় নির্ধারণে বাংলাদেশকে সহায়তা করবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে পৌঁছে সর্বোচ্চ চেষ্টা করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষের চারটি ইউনিট চার মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যায়, আর ফায়ার ব্রিগেডের ইউনিটগুলোও ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসে। তিনি বলেন, “ফায়ার সার্ভিস ফেল করেনি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ ওই জায়গায় খাদ্যপণ্য বেশি ছিল, কেমিক্যাল নয়।”
তিনি আরও জানান, বিমানবন্দরের ই-গেট দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি রেমিট্যান্সযোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন।
বিমানবন্দরের ফায়ার ইউনিটের সক্ষমতা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার জন্য থাকে, সেটি কার্গো ভিলেজেও কাজ করতে পারে এতে কোনো সমস্যা নেই।”
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।