চট্টগ্রাম জেলায় প্রায় ৯৫ হাজার ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রামের ১০টি সংসদীয় আসনের জন্য প্রস্তুত করা পোস্টাল ব্যালট বক্স আনুষ্ঠানিকভাবে লক করা হয়। অনুষ্ঠানে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রার্থীদের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, উল্লেখিত ১০টি আসনের মধ্যে ভোটারের সংখ্যা ৬১ হাজারেরও বেশি। তিনি আরও বলেন, পোস্টাল ভোটিং কার্যক্রমের নিরাপত্তা ব্যবস্থা ও ব্যালট ব্যবস্থাপনায় জেলা প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে সকল কার্যক্রম আইন ও বিধিমালা অনুযায়ী সম্পন্ন হবে।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খাঁনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সুত্রঃবাসস