দীর্ঘ ১৩ বছরের সম্পর্কের ইতি টেনে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। বিয়ের পর থেকেই তারকা দম্পতিকে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

ব্যস্ত কাজের মাঝেই এবার অবকাশ কাটাতে মালদ্বীপে পাড়ি জমিয়েছেন মেহজাবীন ও আদনান। সেখানে কাটানো তাদের একান্ত মুহূর্তের বেশ কয়েকটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মেহজাবীন।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, নীল সমুদ্র আর খোলা আকাশের পটভূমিতে একে অপরের সান্নিধ্যে সময় কাটাচ্ছেন এই দম্পতি। কোনো ছবিতে সমুদ্রের দিগন্তে দৃষ্টি মেলে ধরেছেন, আবার কোনো ছবিতে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে।

সমুদ্রবিলাসের পাশাপাশি সাইকেলিংয়েও মেতেছেন তারা। ক্যাজুয়াল পোশাক ও রোদচশমা পরে রিসোর্ট এলাকার চারপাশ ঘুরে দেখার মুহূর্তগুলোও ধরা পড়েছে ছবিতে।
মেহজাবীনের শেয়ার করা এই ছবি অ্যালবাম প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে ভালোবাসা ও শুভকামনায় ভাসছেন জনপ্রিয় এই তারকা দম্পতি।