বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২ ফেব্রুয়ারি কক্সবাজার সফর করবেন। এ উপলক্ষে জেলা জামায়াতে ইসলামী পাঁচ লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি নিয়েছে।
দলীয় সূত্র জানায়, আগামী ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় কক্সবাজার শহরের বাহারছড়াস্থ বীর মুক্তিযোদ্ধা মাঠে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের জনসভা অনুষ্ঠিত হবে। এর আগে মহেশখালীতে আয়োজিত আরেকটি জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। উভয় জনসভায় কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের জামায়াতের প্রার্থীরা উপস্থিত থাকবেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেন, জেলার নয়টি উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে দলে দলে নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় যোগ দেবেন।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ জাহিদুল ইসলাম অভিযোগ করেন, সারাদেশের মতো কক্সবাজার জেলার চারটি আসনে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, সেটিকে নস্যাৎ করতে হুমকি-ধমকি ও অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, কক্সবাজারের জনসভায় পাঁচ লক্ষাধিক মানুষের উপস্থিতি এসব অপপ্রচারের জবাব হয়ে থাকবে।
জেলা জামায়াতের সেক্রেটারি আরও বলেন, জামায়াতের আমিরের আগমনের মধ্য দিয়ে নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হবে এবং জেলার চারটি আসনেই জামায়াত বিজয় লাভ করবে বলে তারা আশাবাদী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জামায়াতের আমিরের সফর ও জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলের পক্ষ থেকেও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।