ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (একাংশ) এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) কয়েকটি দলকে নিয়ে নতুন একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। আগামী ৮ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে ১১টায় গুলশানের ইমানুয়েলস পার্টি সেন্টারে আনুষ্ঠানিকভাবে জোটের আত্মপ্রকাশ ঘটবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুসহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতিরা।
এর আগে গত ২৭ নভেম্বর গুলশানের হাওলাদার টাওয়ারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জোট গঠনের সিদ্ধান্ত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঘোষিত এ জোটে জাপা ও জেপি ছাড়াও আরও ১৪টি রাজনৈতিক দল যুক্ত হয়েছে বলে জানা গেছে।
জাপা–জেপির নেতৃত্বে গঠিত এই জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে। আত্মপ্রকাশের আগে জোটে অন্তর্ভুক্ত সব রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।
নতুন এই বৃহত্তর রাজনৈতিক জোটের আনুষ্ঠানিক ঘোষণা ৮ ডিসেম্বরের সংবাদ সম্মেলনে দেওয়া হবে।