ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে দেশের কয়েক লাখ মানুষ। বানভাসি সেসব মানুষদের পাশে দাঁড়াতে যে যার জায়গা থেকে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন। পিছিয়ে থাকেননি প্রবাসীরাও। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছিল বাংলাদেশি আর্টিস্ট ফোরাম ইন নর্থ আমেরিকা। আয়োজন করেছিল ‘ফেসবুক লাইভ কনসার্টের। যেখানে বানভাসি মানুষের জন্য গেয়েছেন প্রবাসী ও দেশীয় ব্যান্ড ও কণ্ঠশিল্পীরা।
অঙ্কুর ইন্টারন্যাশনালের সমর্থনে গতকাল বাংলাদেশ সময় রাত ১০টায় এবং যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম দুপুর ১২টায় এ আয়োজন করা হয়; যা দর্শক সরাসরি দেখাতে পেয়েছেন SHUNNO Warfaye Ges Rayib Russell (ArtLabLive) এর ফেসবুক পেজ থেকে। এই ফেসবুক লাইভ কনসার্টের সুবাদে অনেক দিন পর দর্শক সুযোগ পেয়েছে কানাডা প্রবাসী উইনিং ব্যান্ডের নন্দিত শিল্পী জামান আলী চন্দনের গান। সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির সংগীতায়োজন ও অর্থহীন ব্যান্ডের সুমনের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গেয়ে অগণিত শ্রোতার প্রশংসা কুড়িয়ে নেওয়া আলোচিত শিল্পী আনিলাও অংশ নিয়েছিলেন এ আয়োজনে। গান শুনিয়েছেন ওয়ারফেজ ব্যান্ডের সাবেক বেস গিটারিস্ট ও কণ্ঠশিল্পী ভাবনা করিম, ইন ঢাকা ব্যান্ডের শিল্পী তুষার, এটিএক্স-গ্যাপ-এর পিয়াল ও রাজিব এবং দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ওয়ারফেজ ও শূন্যসহ আরও অনেকে।
সঞ্চালনায় যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে ছিলেন রাজীব রাসেল, কানাডার টরন্টো থেকে রাজীব চৌধুরী এবং পর্তুগাল থেকে জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব শারমিন লাকি। আয়োজকরা জানান, অন্য যে কোনো সংগীতানুষ্ঠান থেকে এই ‘ফেসবুক লাইভ কনসার্ট’ পুরোপুরি আলাদা। যেখানে গানে গানে মানবিক সহায়তার সবাইকে আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করাই ছিল এই কনসার্টের উদ্দেশ্য। এই প্রচেষ্টার মাধ্যমে অনেক মানুষের জীবন রক্ষা পাবে এবং তারা পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
এদিকে ব্যান্ডের চার দশক পূর্তি উদযাপনে যুক্তরাষ্ট্র সফরে বেরিয়েছে ওয়ারফেজ সদস্যরা। কিন্তু দেশের এই দুর্যোগময় মুহূর্তে নীরব থাকতে পারেননি বলে জানান ওয়ারফেজ সদস্যরা। তাদের কথায় বন্যাকবলিত মানুষদের জন্য আলাদা কিছু করার তাগিদ অনুভব করেছেন বলেই তারা যুক্ত হয়েছেন বাংলাদেশি আর্টিস্ট ফোরাম ইন নর্থ আমেরিকা এই উদ্যোগের সঙ্গে। অংশ নিয়েছেন বানভাসি মানুষের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত ফেসবুক লাইভ কনসার্টে। এই আয়োজন নিয়ে এ রকম কথা শোনা গেছে যুক্তরাষ্ট্র সফরে থাকা শূন্য ব্যান্ডের সদস্যদের মুখে। উইনিং ব্যান্ডের শিল্পী চন্দনের কথায়, প্রবাসে থাকলেও প্রতিনিয়ত মন পড়ে থাকে দেশের মাটিতে। দেশের যে কোনো অর্জনে যেমন গর্বে বুক ভরে ওঠে, দেশের মানুষগুলো ভালো আছে জেনে আনন্দ পাই, তেমনি কষ্ট পাই দুর্ঘটনা কিংবা কোনো দুর্যোগের খবরে। দেশের ভয়াবহ বন্যায় মানুষের যে কষ্ট ও হাহাকারের দৃশ্য চোখে পড়েছে, অনেকের মতো প্রবাসী বাঙালিদের হৃদয়ে আঁচড় কেটেছে। তাই মানবিক দাবি পূরণে শিল্পী ও সংগীতায়োজক হিসেবে কনসার্টের পাশাপাশি আরও যা কিছু করা সম্ভব, চেষ্টা করে যাচ্ছি। আশা করছি, দেশের মানুষ শিগগিরই এই দুর্যোগ মোকাবিলার মধ্য দিয়ে সুদিনের দেখা পাবে।
প্রসঙ্গত, সম্প্রতি ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলো প্লাবিত হয়েছে। বন্যায় বিপর্যস্ত সেখানের বাসিন্দারা। সেসব বন্যার্তদের ত্রাণ ও অর্থ সংগ্রহের লক্ষ্যে দেশের সাধারণ মানুষদের পাশাপাশি এগিয়ে এসেছেন দেশীয় তারকারা। একই সঙ্গে বানভাসি মানুষদের সহায়তায় নানা ধরনের উদ্যোগ নিচ্ছেন প্রবাসী শিল্পীরাও।