জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদদের পরিচয় শনাক্তের জন্য রায়েরবাজার কবরস্থান থেকে ১১৪ জনের মরদেহ উত্তোলন শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ রবিবার সকাল সাড়ে ৯টায় সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ এ তথ্য জানান।
মরদেহ উত্তোলনের পর ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে পুনঃদাফন করা হবে। ছিবগাত উল্লাহ বলেন, “যারা কবরস্থানে নাম-পরিচয়হীন অবস্থায় শুয়ে আছেন, তাদের পরিচয় যাচাই করা জাতির প্রতি আমাদের দায়িত্ব। আজ সেই কাজের সূচনা হলো।”
জাতিসংঘের মানবাধিকার সংস্থা (ওএইচসিএইচআর) এর মাধ্যমে আর্জেন্টিনার ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার ঢাকায় এসে পুরো কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।
সিআইডি প্রধান জানান, লাশ শনাক্তের জন্য ইতিমধ্যে ১০ জন আবেদন করেছেন। প্রাথমিক ধারণা, এখানে শহীদের সংখ্যা ১১৪-এর বেশি হতে পারে। সকল মরদেহের পোস্টমর্টেম ও ডিএনএ প্রোফাইল তৈরি করে ধর্মীয় সম্মান বজায় রেখে পুনঃদাফন করা হবে। পরিবার চাইলে লাশ হস্তান্তরও করা হবে।
মরদেহ উত্তোলনের নির্দেশ ঢাকা মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের দেওয়া। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত অজ্ঞাত ১১৪ জন শহীদকে মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছিল।