অ্যানফিল্ডে আবারও মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ-চ্যাম্পিয়নস লিগের এই মহারণ ঘিরে উত্তেজনায় ফুটবল বিশ্ব। তবে লড়াই শুরুর আগেই প্রতিপক্ষকে সতর্কভাবে মূল্যায়ন করছেন লিভারপুল কোচ আর্নে স্লট।
আগামী মঙ্গলবার রাতে ইউরোপ সেরার প্রতিযোগিতায় নিজেদের মাঠে রিয়ালের মুখোমুখি হবে লিভারপুল।
স্লট বলছেন, “রিয়াল এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। তারা বহু বছর ধরে ইউরোপে ধারাবাহিকভাবে সাফল্য ধরে রেখেছে। এখন দলে অভিজ্ঞ কোচ, মানসম্পন্ন খেলোয়াড়—সব মিলিয়ে রিয়ালকে হারানো কঠিন হবে।”
তিনি আরও যোগ করেন, “গত মৌসুমের ম্যাচের সঙ্গে এই ম্যাচের তুলনা করা যাবে না। তখন তাদের কয়েকজন মূল খেলোয়াড় ছিলেন চোটে। এবার তারা অনেক বেশি ঐক্যবদ্ধ।”
যদিও এবারও রিয়াল পাচ্ছে না অভিজ্ঞ ডিফেন্ডার দানি কার্ভাহাল, ডাভিড আলাবা ও আন্টোনিও রুডিগারকে। তবুও আলোনসোর অধীনে ইউরোপের সফলতম ক্লাবটি দুর্দান্ত ফর্মে—সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচে জয়, চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচেই জয়ের ধারায় তারা।
অন্যদিকে, লিভারপুলের ফর্ম একেবারেই উল্টো। শেষ সাত ম্যাচে ছয়টিতেই হার, যদিও অ্যাস্টন ভিলার বিপক্ষে সাম্প্রতিক জয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দলটি।
আগামী সপ্তাহে আরও বড় চ্যালেঞ্জ তাদের অপেক্ষায়—রিয়ালের পর প্রিমিয়ার লিগে মুখোমুখি ম্যানচেস্টার সিটি, সেটিও সিটির মাঠে।
শেষে স্লট বলেন, “আমরা এখন একেবারে নতুন দল। প্রতিটি ম্যাচ আমাদের জন্য নতুন পরীক্ষা।”