রাজধানীর পুরান ঢাকার অধিকাংশ ভবনই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। শনিবার পুরান ঢাকার বংশাল এলাকায় বিভিন্ন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, পুরান ঢাকার বহু ভবন শত বছরের পুরোনো। ঐতিহ্য রক্ষা করে পরিকল্পিতভাবে এই অঞ্চলে নতুন নগরায়ণ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে রাজউক। পরিদর্শনকালে তিনি বিভিন্ন ভবনের সামনে থাকা অবৈধ তাঁবু ও ছাউনি উচ্ছেদের নির্দেশ দেন।
বংশালের কসাইটুলীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের প্রসঙ্গে তিনি বলেন, ওই ভবনের নকশা সাত দিনের মধ্যে জমা না দিলে ভবনটি সিলগালা করা হবে। তিনি আরও বলেন, এক কাঠার কম জমিতে রাজউক কোনো প্ল্যান অনুমোদন করে না। অনেকেই নিয়ম ভেঙে ভবন নির্মাণ করছেন। এদের বিদ্যুৎ মিটার কেটে দেওয়া হয়েছে; কেউ কেউ চোরাই সংযোগ বা জেনারেটর দিয়ে কাজ চালাচ্ছেন।
রাজউক চেয়ারম্যান পরামর্শ দেন, পুরোনো ও কম জমির উঁচু ভবনগুলো কয়েকজন মিলে ভেঙে নতুন ভবন নির্মাণ করলে দীর্ঘমেয়াদে আর্থিকভাবে লাভবান হওয়া যাবে।
গতকাল শুক্রবারের ভূমিকম্পে পুরান ঢাকার কসাইটুলীতে রেলিং ধসে তিনজনসহ সারাদেশে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা যায়, পাঁচ শতাধিক মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন; তাদের মধ্যে ১৬৭ জন ভর্তি এবং ১৬ জনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।