কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে গুলিতে ৪০১ জন চোখ হারিয়েছেন। এর মধ্যে ১৯ জনই দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। এক চোখ নষ্ট হয়েছে ৩৮২ জনের। চোখ হারানো এসব মানুষকে নিয়ে নির্মিত একটি ভিডিওচিত্র গত রাতে শেয়ার করা হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে।
‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ নামের সেই ভিডিও আজ শেয়ার করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। উপদেষ্টা হিসেবে রোববার সন্ধ্যায় শপথ নেওয়ার পর সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এই নির্মাতা।
ফারুকী লিখেছেন, ‘অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র। তারা যত অস্বীকার করবে, আমরা ততবার ততোধিক উচ্চস্বরে স্মরণ করিয়ে দেব কীভাবে আমাদের মায়ের সোনার নোলক হারিয়ে গেল, কীভাবে আমাদের গোলাভরা ফসল আর সাজানো ফুলদানি হারিয়ে গেল, কীভাবে পলাশী এখনো আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠছে!’
এর আগের ফারুকী বলেন, ‘আমি আশা করি, যে কয়দিন কাজ করব, কিছু পরিবর্তন হয়তো ঘটাতে পারব। যদি ঘটাতে পারি, মনে করব যে উদ্দেশ্য নিয়ে এসেছি, সেটা সফল হবে। আমি যদি কাজের মধ্যে কোনো ভুল করি, সবার প্রতি আমার একই বক্তব্য, ফিল ফ্রি (বিনা সংকোচে) ধরিয়ে দেবেন, এটা ভুল হচ্ছে। আমি সেটিকে সাদরে গ্রহণ করব।’