রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্র গত সপ্তাহে কিয়েভের কাছে ২৮ দফার একটি পরিকল্পনা তুলে দেয়। এরপর সপ্তাহান্তে জেনেভায় দুই দেশের কর্মকর্তাদের বৈঠকে মূল খসড়াটি সংশোধন করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, অতিরিক্ত পরামর্শের ভিত্তিতে পরিকল্পনাটি আরও পরিশীলিত করা হয়েছে।

ট্রাম্প বলেন, তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ে সেক্রেটারি অব দ্য আর্মি ড্যান ড্রিসকল ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। ড্রিসকল এ সপ্তাহেই কিয়েভে আসবেন বলে আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এদিকে সংশোধিত পরিকল্পনা নিয়ে রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা হয়নি জানিয়ে ক্রেমলিন সতর্ক করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, যুক্তরাষ্ট্রের মূল প্রস্তাবে মস্কো সমর্থন দিয়েছিল, তবে সেখানে মৌলিক পরিবর্তন আনা হলে পরিস্থিতি একেবারেই ভিন্ন হবে। তিনি জানান, নতুন পরিকল্পনার কোনো অনুলিপি এখনো ক্রেমলিন পায়নি।
মার্কিন কর্মকর্তা ও রাশিয়ার প্রতিনিধিরা গত দুই দিন আবুধাবিতে বৈঠক করেছেন। তবুও নিরাপত্তা নিশ্চয়তা এবং পূর্ব ইউক্রেনের নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে এখনো কোনো সমঝোতা হয়নি।

জেলেনস্কি জানিয়েছেন, তিনি ট্রাম্পের সঙ্গে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং মাস শেষ হওয়ার আগেই বৈঠকের আশা করছেন। তাঁর ভাষায়, ইউক্রেন-রাশিয়া আলোচনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মস্কো যুক্তরাষ্ট্রের ক্ষমতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়।
হোয়াইট হাউস এই আলোচনা নিয়ে মন্তব্য না করলেও ট্রাম্প জানিয়েছেন, জেলেনস্কি ও পুতিন—উভয়ের সঙ্গেই তিনি বৈঠকে আগ্রহী, তবে কেবল তখনই, যখন যুদ্ধ সমাপ্তির চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে থাকবে।