রাজশাহীর তানোরে নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে ১৭ ঘণ্টা পরও উদ্ধার করা সম্ভব হয়নি। গভীর রাতে নলকূপের চারদিকে ৩০ ফুট পর্যন্ত গর্ত খোঁড়ার কাজ শেষ করে বৃহস্পতিবার ভোর থেকে সুড়ঙ্গ তৈরির চেষ্টা শুরু করেছে ফায়ার সার্ভিস।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যায় শিশুটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট রাতভর অভিযান চালায়। শুরুতে একটি স্কেভেটর ব্যবহার করা হলেও পরে দুটি স্কেভেটর যোগ করে দ্রুত মাটি অপসারণের চেষ্টা করা হয়।
বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি। ভোরের পর থেকে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করতে থাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।
বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা ক্যামেরা নামিয়ে শিশুটির অবস্থান শনাক্তের চেষ্টা করা হলেও ওপর থেকে পড়া মাটি ও খড়ের স্তর দেখে কিছুই দেখা যায়নি। দুপুরে একবার শিশুটির কান্নার শব্দ শোনা গেলেও এরপর আর কোনো সাড়া মেলেনি।
ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। গর্ত খোঁড়ার কাজ শেষ করে এখন সুড়ঙ্গ তৈরির মাধ্যমে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা চলছে।