মধ্যরাতে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত উরফি জাভেদ। রাত আনুমানিক ৩টার দিকে তাঁর বাড়ির দরজায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি টানা প্রায় ১০ মিনিট ধরে বেল বাজিয়ে দরজা খুলতে বলেন। এতে আতঙ্কিত হয়ে পড়েন তিনি।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উরফি জানান, গভীর রাতে এক ব্যক্তি দীর্ঘক্ষণ দরজার বেল বাজাতে থাকেন। পরিস্থিতি বুঝতে তিনি দরজার কাছে গেলে একজন তাঁকে দরজা খুলতে বলেন। এ সময় পাশে আরও একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি।
ঘটনার বর্ণনায় উরফি বলেন, গভীর রাতে কোনো নারীর বাড়ির বাইরে এসে দরজা খুলতে বলা অত্যন্ত ভীতিকর। বিশেষ করে একা থাকার সময় এমন ঘটনা আরও বেশি আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়।
পরে উরফি পুলিশে ফোন করলে অভিযোগ ওঠে, অজ্ঞাত ব্যক্তিরা পুলিশ ও উরফির সঙ্গে দুর্ব্যবহার করেন। উরফির দাবি, তারা রূঢ় আচরণ করে ঘটনাটির দায় অস্বীকার করে এবং অশোভন ভাষায় সেখান থেকে চলে যেতে বলেন।
এ বিষয়ে উরফি বলেন, তিনি জানতে চান এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই উরফি জাভেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।