বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি জানাজার স্থান মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে রওনা হয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরও সঙ্গে রয়েছে।
এদিকে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ও শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মানুষের ঢল নেমেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ জানাজাস্থলে জড়ো হচ্ছেন। আজ বাদ জোহর দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার রাত থেকেই জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে থাকে। বুধবার সকালে তীব্র শীত উপেক্ষা করে হাজারো মানুষ দেশনেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে জানাজাস্থলে উপস্থিত হন।
এ ছাড়া জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধ এলাকায়ও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেছে। জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।