বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন্যপ্রাণী উদ্ধার, পরিচর্যা ও প্রকৃতিতে পুনর্বাসনে তরুণদের ইতিবাচক মনোভাব দেশের জন্য আশাব্যঞ্জক। জনগণের সচেতনতা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে, যা বন্যপ্রাণী নিরাপত্তা ও সংরক্ষণে বড় ভূমিকা রাখছে।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বনভবনে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবী ও সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
রিজওয়ানা হাসান বলেন, বন্যপ্রাণী রক্ষায় একীভূত কণ্ঠস্বর গড়ে তোলা জরুরি। যারা বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস করে অর্থনৈতিক যুক্তি তুলে ধরে জনসমর্থন আদায়ের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে সচেতনতা, ভালোবাসা ও সঠিক তথ্য দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, মানুষ ও প্রকৃতি পাশাপাশি টিকিয়ে রাখতে নৈতিক মূল্যবোধকে সামনে রেখে কাজ করতে হবে। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জীবজগতের প্রতি সহমর্মিতা ও সংরক্ষণশীল আচরণের শিক্ষা দেয়। অসহায় মানুষ ও প্রাণীর পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা।
সভায় তিনি ঘোষণা দেন, আগামী বছর দেশের ৬৪ জেলার বন্যপ্রাণী কর্মীদের স্বীকৃতি প্রদান করা হবে। তাঁর মতে, এতে নতুন প্রজন্ম আরও উৎসাহিত হবে এবং প্রতিটি জেলায় বন্যপ্রাণী সংরক্ষণে প্রতিনিধিত্বশীল কর্মী তৈরি হবে।
পরিবেশ উপদেষ্টা জানান, বন্যপ্রাণী অপরাধ মোকাবিলায় নতুন ইউনিট গঠনের অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি উদ্ধার কার্যক্রমে আধুনিক সরঞ্জাম ও পরিবহন সহায়তা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মো. ছগীর আহমেদ, জীববৈচিত্র্য বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স অনুষদের প্রতিষ্ঠাতা ডীন ড. মো. জালাল উদ্দিন সরদার এবং বিবিসিএফ-এর প্রধান উপদেষ্টা ড. মোল্যা রেজাউল করিম।
অনুষ্ঠানে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ড. মোহাম্মদ আলী রেজা খানসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
এর আগে সৈয়দা রিজওয়ানা হাসান সামরিক জাদুঘরে বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সরকারি ভবনে কার্যকর রুফটপ সোলার স্থাপন, পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।