মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামে শুক্রবার দেখা গেল এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন। হেলিকপ্টারে করে নববধূ নূপুর আক্তারকে ঘরে তুললেন কামাল হোসেন (৩৯)।
কামালের পারিবারিক সূত্র জানায়, পেশায় সার্ভেয়ার ও জমির ব্যবসায়ী কামালের প্রথম স্ত্রী সাথী আক্তার (২৮) গত ১০ আগস্ট দুই মেয়ে, ৯ ভরি স্বর্ণ ও ৬ লাখ ৭০ হাজার টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে চলে যান এবং পরে তালাক দেন।
মানসিকভাবে ভেঙে পড়লেও একই গ্রামের তরুণী নূপুর আক্তার (২৪) তার পাশে দাঁড়ান। অবশেষে দুজনের বিয়ে সম্পন্ন হয় এবং নববধূকে হেলিকপ্টারে করে আনার আয়োজন করেন কামাল।
কামাল বলেন, ‘প্রথম স্ত্রী পালিয়ে যাওয়ার পর জীবন নিয়ে হতাশ ছিলাম। নূপুর ও তার পরিবারের আন্তরিকতা আমাকে নতুন করে বাঁচার শক্তি দিয়েছে।’
নূপুর জানান, ‘সবকিছু জেনেশুনে এই বিয়েতে রাজি হয়েছি। কামাল একজন ভালো মনের মানুষ, তাঁর সঙ্গে অন্যায় হয়েছে।’
গ্রামজুড়ে এই ব্যতিক্রমী বিয়ে নিয়ে উৎসবের আমেজ বিরাজ করছে।