মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ৫২ দফা সংস্কার প্রস্তাবনা ঘোষণা করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি মোঃ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক রাহাদুল ইসলাম এই প্রস্তাবনা ঘোষণা করেন।
প্রস্তাবনায় হয়, জুলাই বিপ্লব ও গণআন্দোলনের শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার প্রতিষ্ঠানে রূপান্তরিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রস্তাবনায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবি জানানো হয়েছে। ফাইনাল পরীক্ষার পর ৬–৮ সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ, শিক্ষকদের মূল্যায়ন পদ্ধতি চালু, পরীক্ষায় ইউনিক কোড ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং প্রতিটি বিভাগীয় লাইব্রেরিতে পর্যাপ্ত বই সরবরাহের দাবি তোলা হয়। এছাড়া গবেষণায় পর্যাপ্ত বাজেট, শিক্ষাবৃত্তি ও সুদবিহীন শিক্ষাঋণ চালুর দাবি জানানো হয়েছে।
প্রস্তাবনায় বিশেষভাবে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয় চত্বরে স্মৃতিস্তম্ভ ও স্মারক স্থাপনের দাবি জানানো হয়। প্রতি বছর ৩ আগস্ট ‘বিশ্ববিদ্যালয় মুক্ত দিবস’ হিসেবে পালন করারও প্রস্তাব আনা হয়।