জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিবর্ষণ ও দমন-পীড়নের অভিযোগের পর সমালোচনার মুখে পড়ে বাহিনীটি। সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে শনিবার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ পুলিশের নতুন পোশাক চালু হয়েছে।
নতুন এই পোশাক আপাতত সীমিত পরিসরে রেঞ্জ ও মহানগর পুলিশের সদস্যদের দেওয়া হচ্ছে। আগের নীল-সবুজের বদলে পরিবর্তিত নতুন রঙে তৈরি পোশাক ধাপে ধাপে সব সদস্যের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান।
এর আগে, গত ১১ নভেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান যে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন হবে। তিন বাহিনীর নতুন পোশাক তৈরিতে ব্যয় হবে আনুমানিক ৬ থেকে ৭ কোটি টাকা।