হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা একটি ঘোষণা অনুযায়ী, ভার্জিনিয়ার বাসিন্দা সিনিয়র ফরেন সার্ভিস সদস্য ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।
একই ঘোষণায় আরও কিছু নতুন নিয়োগ ও মনোনীতদের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে বর্তমান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুসকে জাতিসংঘের রাষ্ট্রদূত ও সের্গেই গোরকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। মনোনয়নগুলো অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয়েছে।
ক্রিস্টেনসেনের দীর্ঘ কূটনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। ২০২৫ সালের ২০ জানুয়ারি তাকে প্রেসিডেন্ট ট্রাম্প অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারির দায়িত্বে নিযুক্ত জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে মনোনীত করেন।
২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডারের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি কমান্ডারের কাছে ইউএসএস ট্র্যাটকমের বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ মিশনের পররাষ্ট্রনীতিগত প্রভাব সম্পর্কে পরামর্শ দিতেন।
এর বাইরে তিনি বিশেষ প্রতিনিধির (উত্তর কোরিয়া নীতি) বিশেষ সহকারী, ইস্ট এশিয়া ও প্যাসিফিক অ্যাফেয়ার্স ব্যুরোর সাইবার কো-অর্ডিনেটর, ম্যানিলায় মার্কিন দূতাবাসে অর্থনীতিবিষয়ক ডেপুটি কাউন্সেলর, সান সালভাদরে মার্কিন দূতাবাসে ডেপুটি ইকোনমিক কাউন্সেলর, পররাষ্ট্র দপ্তরের পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক অফিসে বাংলাদেশ কান্ট্রি অফিসার, রিয়াদে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক কর্মকর্তা এবং হো চি মিন সিটিতে মার্কিন কনস্যুলেট জেনারেলের ভাইস কনসাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব ছাড়াও ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত ক্রিস্টেনসেন মার্কিন ফেডারেল লেবার রিলেশনস অথরিটির অধীনে ফরেন সার্ভিস ইমপাসেস ডিসপিউটস প্যানেলের একজন ক্যারিয়ার ফরেন সার্ভিস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ন্যাশনাল ওয়ার কলেজ থেকে ডিস্টিংগুইশড গ্র্যাজুয়েট হিসেবে শিক্ষা সম্পন্ন করেছেন এবং ২০২২ সালে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
এছাড়া তিনি টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান এবং রাইস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও ম্যানেজারিয়াল স্টাডিজে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি লাভ করেছেন।