বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কবি-সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল।
আজ শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সাহিত্য, সংস্কৃতি এবং সামগ্রিক সামাজিক বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
প্রতিনিধিদলের পক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন প্রতিনিধিত্ব করেন। আলোচনায় দেশের সাহিত্য-সংস্কৃতির বর্তমান অবস্থা, সৃজনশীল চর্চার প্রসার এবং গণতান্ত্রিক সমাজ গঠনে সাহিত্যিকদের ভূমিকা গুরুত্ব পায়।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান। তিনি বলেন, এ ধরনের মতবিনিময় ভবিষ্যতে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
সূত্র : (বাসস)