অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ (বুধবার) বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ধারাবাহিক রাজনৈতিক সংলাপে বসছেন।
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বিকেল সোয়া পাঁচটায় এনসিপি’র প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক এবং সন্ধ্যা ছয়টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে এসব বৈঠক হবে।
জামায়াতের পক্ষ থেকে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে মতামত জানাবেন।
এর আগে গতকাল বিএনপির সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে “তত্ত্বাবধায়ক সরকারের আদল” দেওয়ার প্রস্তাব দেয় দলটি এবং সরকারের দলে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকলে তাদের অপসারণের দাবি জানায়।
উল্লেখ্য, এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি, আর জামায়াত বর্তমানে নভেম্বরে গণভোট ও পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনে রয়েছে।