আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে এই তালিকায় জায়গা পাননি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও খ্যাতিমান কণ্ঠশিল্পী বেবী নাজনীন।
গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন।
নীলফামারীর চারটি আসনের মধ্যে দুইটিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে—নীলফামারী-২ (সদর) ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ)। তবে বাকি দুই আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি।
সৈয়দপুর ও কিশোরগঞ্জ নিয়ে গঠিত নীলফামারী-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বেবী নাজনীন। কিন্তু প্রাথমিক তালিকায় এ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের নাম।
মনোনয়ন তালিকায় নাম না থাকায় বেবী নাজনীনের সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। নির্বাচনের আগে তিনি এলাকায় ব্যাপক জনসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা করেছেন, যেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও অংশ নিয়েছিলেন।
এর আগেও ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে একই আসনে মনোনয়ন চেয়েছিলেন বেবী নাজনীন। সে সময় বিকল্প প্রার্থী হিসেবে রাখা হলেও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি তিনি।
দলের একাধিক নেতা জানান, স্কুলজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বেবী নাজনীন প্রবাস জীবন শেষে দেশে ফিরে আবারও দলে সক্রিয় হয়েছেন। স্থানীয়ভাবে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা থাকলেও এবারের প্রাথমিক মনোনয়ন তালিকায় তার নাম না থাকায় সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেছেন।