জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (আনমিস)’-এ দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ৭১ সদস্যের একটি কন্টিনজেন্ট দক্ষিণ সুদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কন্টিনজেন্টটি যাত্রা করে। এটি ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট–১১’-এর দ্বিতীয় গ্রুপ হিসেবে দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করবে এবং সেখানে নিয়োজিত ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট–১০’-এর প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। এর আগে গত ৯ ডিসেম্বর প্রথম গ্রুপে ৯৯ জন নৌসদস্য আনমিস মিশনে যোগ দেন।
জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দীর্ঘদিন ধরে দক্ষিণ সুদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। এ ইউনিট দেশটির প্রত্যন্ত এলাকায় জ্বালানি, খাদ্যসামগ্রী, ওষুধ ও মানবিক সহায়তা বহনকারী বার্জের নিরাপদ চলাচল নিশ্চিত করছে। পাশাপাশি নৌপথে জলদস্যুতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণে স্থানীয় জনগণকে সহায়তা এবং দুর্ঘটনাকবলিত জাহাজে উদ্ধার তৎপরতা পরিচালনা করছে।
এ ছাড়া বার্জে কর্মরত বেসামরিক নাবিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মিশনে নিয়োজিত সামরিক ও বেসামরিক সদস্যদের জন্য দুর্গম এলাকায় প্রয়োজনীয় রসদ পরিবহনেও নিয়মিত কাজ করে যাচ্ছে নৌবাহিনী।
উল্লেখ্য, গত তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। দক্ষিণ সুদানের পাশাপাশি লেবাননের ভূমধ্যসাগরে উপমহাদেশের একমাত্র মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সংগ্রাম’ নিয়োজিত রয়েছে।
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ নৌবাহিনীর এই ধারাবাহিক ও গর্বিত অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম আরও সুদৃঢ় করছে।