আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না (জেড আই খান পান্না) নিয়োগ পেয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নিয়োগ দেন। এর ফলে জেড আই খান পান্না রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে শেখ হাসিনার পক্ষে মানবতাবিরোধী অপরাধের মামলায় লড়বেন।
জেড আই খান পান্না বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি আগেও শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তার আবেদন ট্রাইব্যুনাল-১ তখন খারিজ করেছিল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনার শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়েরকৃত দুটি মামলায় ৩ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানি নির্ধারণ করেছে। এই মামলায় পলাতক শেখ হাসিনাসহ অন্যান্য পলাতকদের পক্ষে জেড আই খান পান্নাকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে সকাল ১০টায় দুই মামলায় সেনাবাহিনীর ১৩ কর্মকর্তাকে হাজির করা হয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের আশেপাশে।
উল্লেখ্য, ৮ অক্টোবর পৃথক দুই মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এর মধ্যে রয়েছে র্যাব ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। মামলায় তিনজন কারাগারে থাকলেও বাকিরা পলাতক রয়েছেন।