ইতিহাসের ম্যাচে হতাশার হার, স্পোর্টিং সিপির কাছে পিএসজির পতন

ইতিহাস গড়ার ম্যাচটি স্মরণীয় করে রাখার সুযোগ ছিল প্যারিস সেইন্ট জার্মেইনের সামনে। কিন্তু লিসবনের আলো ঝলমলে রাতটি শেষ পর্যন্ত হয়ে রইল ইউরোপীয় হতাশার আরেকটি অধ্যায়। উয়েফা চ্যাম্পিয়নস লিগে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির কাছে ২-১ গোলে হেরে গেছে ফরাসি জায়ান্ট পিএসজি।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথম ফরাসি ক্লাব হিসেবে নিজেদের ৩০০তম ম্যাচ খেলতে নামে পিএসজি। তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে জয় দিয়ে সেই অর্জন উদযাপনের লক্ষ্যেই এস্তাদিও হোসে আলভালাদিওতে মাঠে নামে লুইস এনরিখের শিষ্যরা।

ম্যাচের অধিকাংশ সময়ই আধিপত্য ছিল পিএসজির। প্রথমার্ধে ৭৮ শতাংশ বল দখলের পাশাপাশি তারা নেয় ১৫টি শট, যার চারটি ছিল লক্ষ্যে। তবে একের পর এক সুযোগ নষ্ট করায় গোলের দেখা পায়নি ফরাসি ক্লাবটি। শেষ পর্যন্ত সেই ব্যর্থতারই মাশুল দিতে হয়।

দ্বিতীয়ার্ধে জমে ওঠে ম্যাচের নাটক। ৭৪তম মিনিটে স্পোর্টিং সিপিকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় পিএসজি। ম্যাচের ৭৯তম মিনিটে বদলি হিসেবে নামা খভিচা কভারাতস্কেলিয়া দুর্দান্ত এক শটে গোল করে সমতায় ফেরান দলকে।

ম্যাচ তখন ১-১ সমতায় শেষ হবে বলেই মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে আবারও পিএসজির জালে বল পাঠান লুইস সুয়ারেজ। ফরাসি ক্লাবটির রক্ষণভাগের ঢিলেমি ও গোলরক্ষক লুকাস শেভালিয়েরের ভুল সিদ্ধান্ত কাজে লাগিয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন তিনি।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় স্বাগতিক স্পোর্টিং সিপি। এই হারের পরও পয়েন্ট টেবিলে পিএসজির অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পাঁচ নম্বরে। অন্যদিকে পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে ছয় ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে স্পোর্টিং সিপি। সমান ম্যাচে তাদের সংগ্রহেও রয়েছে ১৩ পয়েন্ট।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *