আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য আন্দোলন বা ব্লকেডের হুমকির প্রেক্ষিতে রাজধানীজুড়ে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আগাম তথ্য ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গত সোমবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নজরদারি অব্যাহত রয়েছে। কোনো অবৈধ কর্মকাণ্ড, নাশকতা বা সংঘর্ষের চেষ্টা হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কয়েক দিন ধরে বিভিন্ন ফেসবুক পেজে গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিবাদের কয়েকজন নেতা রাজধানীতে বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর নির্দেশ দিচ্ছেন বলে গোয়েন্দা সংস্থার নজরে এসেছে। এসব পেজে সড়ক অবরোধ ও ব্লকেডের হুমকিও দেওয়া হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, প্রতিদিনই ঝটিকা মিছিল ও নাশকতার প্রস্তুতিকালে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি বলেন, নতুন করে কিছু ফেসবুক পেজে উসকানিমূলক বার্তা ছড়ানো হচ্ছে, যা গোয়েন্দা নজরদারিতে রয়েছে।
তিনি আরও বলেন, পুলিশের সব ইউনিটের অভিযান সবসময় চলমান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৪ ঘণ্টা সজাগ রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত অবস্থানে আছে।