কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন দলীয় কর্মীরা। সোমবার (২০ ডিসেম্বর) এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিক্ষোভ চলাকালে শুভেন্দু অধিকারী বলেন, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থাকতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে উল্লেখ করে এ ইস্যুতে প্রতিবাদ জানানো হচ্ছে।
শুভেন্দু অধিকারী আরও বলেন, ২৪ ডিসেম্বর সীমান্তে এক ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি ২৬ ডিসেম্বর পুনরায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বড় আকারের বিক্ষোভের ঘোষণা দেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, প্রায় দুই হাজার বিজেপি কর্মী বিক্ষোভে অংশ নেন। তারা স্লোগান দেন এবং দীপু দাস হত্যাকাণ্ডকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যা দেন।
বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করেন বলেও সংবাদমাধ্যমে জানানো হয়েছে।