ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আলম এশিয়া পরিবহনের এক বাসচালক পুড়ে মারা গেছেন। সোমবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার ফুলবাড়িয়া পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুখে মাস্ক পরা তিন যুবক এসে পাম্পে দাঁড়িয়ে থাকা বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। সে সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক মো. জুলহাস মিয়া (৩৫)। আগুনে দগ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই পুড়ে মারা যান।
ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, “বাসে তখন যাত্রী শাহিদ ইসলাম বাদশা (২০) ও তার মা শারমিন সুলতানা রুমকি (৪৫) ছিলেন। তারা রাত বেশি হয়ে যাওয়ায় ভোরে বাড়ি ফেরার অপেক্ষায় বাসে ছিলেন। আগুন ধরে গেলে তারা জানালা ভেঙে নিচে নামার চেষ্টা করেন। এ সময় শারমিন গুরুতর আহত হন, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
এসপি আরও জানান, নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।
ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বাসের ভেতর থেকে দগ্ধ চালকের মরদেহ উদ্ধার করা হয়।
ফুলবাড়িয়া থানার ওসি মো. রুকনুজ্জামান জানিয়েছেন, “ঘটনার তদন্ত চলছে, জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।”
স্থানীয়দের দাবি, এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগ, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।