ধর্মের নামে ‘ট্যাবলেট বিক্রি করে’ জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা করছে একটি রাজনৈতিক দল এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “যে দলের কোনো নীতি-আদর্শ নেই, পরিকল্পনা নেই, তারা শুধুমাত্র ধর্মের নামে প্রতারণার ফাঁদ পেতে বসেছে। জনগণ ইতোমধ্যে তাদের মুখোশ চিনে ফেলেছে।”
সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, “যারা বিনা পরিশ্রমে জান্নাতে যেতে চায়, তাদের আগে জানতে হবে সেখানে যাওয়ার বাস স্টেশন কোথায়। জনগণ সব বোঝে। রাষ্ট্র পরিচালনায় আগে থেকে পরিকল্পনা না থাকলে সেটাই ব্যর্থতার প্রস্তুতি।”
তিনি আরও বলেন, “আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও তা মানুষের কাছে সহজ ভাষায় তুলে ধরতে। বিএনপির উন্নয়ন পরিকল্পনা জনগণের কাছে পরিষ্কারভাবে পৌঁছে দিতে হবে।”
বিএনপির অতীত ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশ মানেই বিএনপি, গণতন্ত্রের আরেক নাম বিএনপি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে পঞ্চম সংশোধনী পর্যন্ত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পথ তৈরি করেছিলেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতি এবং ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার এসবই বিএনপির অবদান।”