ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ শনিবার (২০ ডিসেম্বর) সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এর আগে গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ভাষণে ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন। তার অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি-৫৮৫) সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আজ দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হবে।
ইনকিলাব মঞ্চের নেতা নাইম ইবনে জহির জানান, জানাজা শেষে হাদির মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে।