‘টি-টোয়েন্টি খেলতে এসেছি’-সাফ জানিয়ে দিলেন বিসিবির নতুন সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী নির্বাচন পর্যন্ত দায়িত্ব নেওয়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলছেন, টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।

গতকাল সভাপতি নির্বাচিত হওয়ার পর বিসিবি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ‘অল্প সময়ে বাংলাদেশের ক্রিকেটে কী উন্নয়ন করে যেতে চান’ প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

এসময় তার কাছে জানতে চাওয়া হয় নির্দিষ্ট মেয়াদ নিয়েও। তবে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু না বলেও বুলবুল বলেন, আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোনো নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।

সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি হয়ে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করে বুলবুল বলেন, ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার পর প্রায় ১৮ বছর ক্রিকেট উন্নয়ন নিয়ে আইসিসি ও এসিসিতে কাজ করছি। নতুন দায়িত্ব আমার জন্য নতুন পরীক্ষা, আবার কাজ করার সুযোগ। আপনারা সব সময় বলতেন, বাংলাদেশের ক্রিকেটে আপনি কেন আসেন না। সত্যি বলতে, এবারই প্রথম আমি ডাক পেয়েছি। আমাকে বলা হয়- আপনাকে সুযোগ দেওয়া হলে কাজ করবেন কিনা।

তিনি বলেন, আমাকে ক্রিকেট বোর্ডের পরিচালকরা নির্বাচিত করেছেন। আমরা বাংলাদেশের ক্রিকেটটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমি মনে করি, কেবল মাঠের ১১ জন ক্রিকেট খেলে না। দেশের সকলেই ক্রিকেট খেলে। সকলে মিলে একটা দল। আমরা সকলেই বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করি। বাংলাদেশ ক্রিকেটকে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *