আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, “কমিশন সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবে এমন আশ্বাস দিয়েছে। তবে বাস্তবে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি।” তিনি আরও বলেন, কোনো কর্মকর্তা প্রকাশ্যে অনিয়ম করলে জামায়াত তা তুলে ধরবে, এবং কমিশন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
জামায়াত নেতা জানান, তফসিল ঘোষণার বিষয়ে কমিশনের স্পষ্ট সিদ্ধান্ত জানতে বৈঠকে অংশ নেন তারা। এ ছাড়া ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ, অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার, প্রবাসীদের ভোট নিবন্ধন প্রক্রিয়ার জটিলতা ও সিসিটিভি ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।
তিনি বলেন, “একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যয়ের অঙ্ক বড় বিষয় নয়। কমিশন ব্যয় বেশি হওয়ার কথা বললেও আমরা সিসিটিভির দাবিতে অটল।”
এ ছাড়া একটি দলের নেতাকর্মীদের প্রচারকালে হামলার ঘটনার প্রসঙ্গ তুলে ধরে তিনি প্রশ্ন করেন, তফসিল ঘোষণার পর এসব পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন।