রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনাস্থলে পৌঁছেছে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর। লালসবুজ রঙে সাজানো একটি বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলে পৌঁছান তারেক রহমান।
বেলা ৩টা ৫০ মিনিটের দিকে তারেক রহমানমঞ্চে ওঠেন। বেলা ৩টা ৫৭ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। শুরুতেই বলেন, ‘প্রিয় বাংলাদেশ।’তাঁর সঙ্গে বিএনপির নেতারা রয়েছেন। মঞ্চে উঠে নেতা–কর্মীদের উদ্দেশে হাত নাড়েন তারেক রহমান।
মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টা ৩৯ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।
তারেক রহমান ও তাঁর পরিবারকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অবস্থান করছিলেন বিএনপির নেতা কর্মীরা। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস প্রমুখ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটসহ আশপাশে নিরাপত্তা জোরদার ছিল।
দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মুঠোফোনে কথা বলেন।
বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ দুপুর সাড়ে ১২টার কিছু আগে পোস্ট করা ভিডিওতে এ বিষয়ে জানানো হয়েছে।
ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, ‘মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’
এর আগে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে লাগোয়া বাগানে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় তিনি একমুঠো মাটি হাতে তুলে নেন।
দুপুর ১২টা ৩৫ মিনিটে ভিআইপি গেট দিয়ে বের হন তিনি। বাসের সামনে থেকে তারেক রহমান নেতা কর্মীদের উদ্দেশে হাত নাড়েন। তাঁদের সালাম দেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলে ৩০০ ফুটে গণসংবর্ধনাস্থলের দিকে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তাঁর জন্য আগে থেকেই লাল, সবুজ রঙে একটি বাস সাজিয়ে রাখা হয়েছিল।
সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের বহর তারেক রহমানকে বহনকারী বাসটির সামনে হাঁটছেন। পেছনে ধীরে ধীরে লাল সবুজ গাড়িটি যাচ্ছে। গাড়ির সামনের আসনে বসে রাস্তা দুই পাশে থাকা নেতা কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান।
জুলাই এক্সপ্রেসওয়ে জুড়ে বিএনপি নেতা–কর্মীদের বিপুল উপস্থিতি দেখা গেছে। সঙ্গে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বিএনপির নেতা-কর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল হাতে রাস্তার দুপাশে দাঁড়িয়েছেন। তাঁরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’, ‘দেশনেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দিচ্ছেন।
রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনাস্থলের কাছাকাছি পৌঁছেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর। বেলা ২টা ৫৬ মিনিটের দিকে তাঁকে বহনকারী গাড়িবহর এগিয়ে আসতে দেখা যায়।
রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনাস্থলে পৌঁছেছে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর। লালসবুজ রঙে সাজানো একটি বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলে পৌঁছান তারেক রহমান। বেলা ৩টা ৫০ মিনিটের দিকে তিনি মঞ্চে ওঠেন। তাঁর সঙ্গে বিএনপির নেতারা রয়েছেন। মঞ্চে উঠে নেতা–কর্মীদের উদ্দেশে হাত নাড়েন তারেক রহমান। বেলা ৩টা ৫৭ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন।