নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিন গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকালে মাহমুদপুর ইউনিয়নের আগুয়ানদী ও গরহরদী গ্রামের বাসিন্দাদের সঙ্গে পার্শ্ববর্তী মরদাসাদী গ্রামের লোকজনের এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় দুই পক্ষ টেঁটা-সটাসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে অন্তত ১৫ জন আহত হন। আতঙ্কে আশপাশের দোকানপাট ও যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এর সূত্রপাত ঘটে গত সোমবার। সেদিন মরদাসাদী গ্রামের কিছু লোক দেশীয় অস্ত্র নিয়ে আগুয়ানদী গ্রামের সাত্তারের বাড়ি দখলের চেষ্টা চালায়। এতে সাতজন আহত হন। পরে সাত্তারের স্ত্রী হাজেরা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে বুধবার বিকাল ৪টায় আগুয়ানদী ও গহরদীসহ আশপাশের লোকজন প্রতিবাদ সভা করে মরদাসাদী গ্রামের লোকজনের বিরুদ্ধে সকলে এক হয়ে মোকাবিলার সিদ্ধান্ত নেয়। এ খবর পেয়ে মরদাসাদী গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে শত শত নারী পুরুষ উচিৎপুরা বাজারের দিকে আসতে থাকে।
এক পর্যায়ে উচিৎপুরা ও মরাদাসাদী গ্রামের মাঝখানে ৩ গ্রামের কয়েকশ মানুষ দেশীয় অস্ত্র, টেঁটা, দা, ছুরি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। বিকাল সাড়ে ৪টায় শুরু হয়ে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে আলমগীর হোসেন নামে একজন টেঁটাবিদ্ধসহ ১৫ জন আহত। পরে রাত হলে অন্ধকারের কারণে সংঘর্ষ বন্ধ করে যার যার মতো করে চলে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, তুচ্ছ বিষয় নিয়ে এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।