দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছে। তবে এবার কি সেই জল্পনা সত্যি হতে যাচ্ছে? শোনা যাচ্ছে, গোপনে নাকি বাগদান সেরে ফেলেছেন এই তারকা জুটি।
সম্পর্ক নিয়ে এতদিন নীরব থেকেছেন দুজনেই। একসঙ্গে ভ্রমণে গিয়ে একই জায়গা থেকে ছবি ভাগ করেছেন বারবার, কিন্তু যুগল ছবি কখনো দেননি। অনুরাগীরা অবশ্য রাশমিকার হাসি আর বিজয়ের অস্পষ্ট মন্তব্যকে সম্পর্কের ইঙ্গিত হিসেবেই ধরেন।
এদিকে, সম্প্রতি রাশমিকার কিছু ছবি ভাইরাল হয়েছে। সাদা শার্ট, নীল ডেনিম আর রোদচশমায় ধরা দিয়েছেন অভিনেত্রী। তবে ভক্তদের চোখে সবচেয়ে বেশি ধরা পড়েছে তার অনামিকায় হিরের আঙটি। সেই আঙটিকেই ঘিরে ফের শুরু হয়েছে বাগদানের গুঞ্জন।
এর আগেও চলতি বছরের জুনে বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। রাশমিকার শাড়ি পরা ছবির পেছনের লোকেশন যে বিজয়ের বাড়ির অন্দরমহল, তা শনাক্ত করেছিলেন ভক্তরা। এরপর থেকেই বিয়ের আলোচনা আরও জোরদার হয়।
সব মিলিয়ে প্রশ্ন একটাই—বিজয়–রাশমিকা কি সত্যিই বাগদান সেরে ফেললেন? নাকি এটাও শুধুই গুঞ্জন? এখন ভক্তদের অপেক্ষা, কবে তারা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।