বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি উন্মুক্ত মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন করবে। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে।
বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এই কার্যক্রম পরিচালিত হবে।
এভারকেয়ার হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করার পর মঙ্গলবার দুপুরে এসএসএফ তাঁর আনুষ্ঠানিক নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হেলিকপ্টারের এই পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন এসএসএফের নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ। এ নিয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।