অবিশ্বাস্য হলেও সত্যি—বঙ্গোপসাগরে টানা পাঁচ দিন উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন মোরশেদ (২০) নামের এক জেলে। বর্তমানে তিনি কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বুধবার (২০ আগস্ট) সকালে পায়রা বন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান। পরে মোরশেদকে আরেকটি ট্রলার এফবি বায়েজিদে তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে ১৯ জন জেলে মাছ ধরতে সাগরে গিয়েছিলেন। এ সময় তাদের ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। ট্রলারডুবির পর সবাই নিখোঁজ হন। তাদের সঙ্গেই ছিলেন চট্টগ্রামের বাঁশখালীর মোরশেদ। অলৌকিকভাবে টিকে থাকা এই তরুণকে আজ সকালে উদ্ধার করা হয়।
এফবি বায়েজিদ ট্রলারের মাঝি সিরাজ জানান, “সকাল ৯টার দিকে অন্য একটি ট্রলার থেকে জেলে মোরশেদকে আমাদের হাতে দেওয়া হয়। তিনি জানান, তাদের ট্রলার ৫ দিন আগে ডুবে গেছে। এরপর অজ্ঞান হয়ে পড়েন তিনি।”
কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আরএমও ডা. সুপ্রি দাশ বলেন, “দুপুরে অজ্ঞান অবস্থায় মোরশেদকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।”
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, উদ্ধারকৃত মোরশেদকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।