গত বছরের নভেম্বর মাসে কন্যাসন্তানের মা হন অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ এবং তৃণমূল বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক। তাদের মেয়ের নাম কৃষভি। জন্মের এক বছরেরও আগে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলো সেই শিশুটি।
বাড়ির গৃহকর্মীর হাতে নির্যাতনের শিকার হয় কৃষভি। ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে দেখা যায়—শিশুটি কান্না করছিল, আর তখনই গৃহকর্মী তাকে উপুড় করে শুইয়ে মারধর করেন। ভিডিও দেখে শিউরে উঠেছেন শ্রীময়ী।
ঘটনা জানার পরপরই গৃহকর্মীকে কাজ থেকে বরখাস্ত করেন অভিনেত্রী। কাঞ্চন মল্লিক জানিয়েছেন, ওই পরিচারিকার নামে মামলা করার কথাও ভাবছেন তারা।
শ্রীময়ীর মা বিপত্তরানীর পূজা উপলক্ষে বাড়িতে গিয়েছিলেন। অন্যদিকে শ্রীময়ীও বাইরে কাজে বের হন। সেই সময় কৃষভির দেখাশোনার দায়িত্ব ছিল গৃহকর্মীর উপর। কিন্তু দায়িত্ব পালনের বদলে তিনি শিশুর সঙ্গে নির্দয় আচরণ করেন।
শুধু নির্যাতনই নয়, ওই গৃহকর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগও উঠেছে। শ্রীময়ী জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই বাসা থেকে রুপোর থালা, প্রদীপ ও কাঁসার বাসনপত্র হারিয়ে যাচ্ছিল। পরে আবাসনের নিরাপত্তারক্ষীরা জানান—সুযোগ বুঝে সিসিটিভি বন্ধ করে এসব জিনিস বাইরে পাচার করতেন তিনি।
এ ঘটনায় আতঙ্কে আছেন শ্রীময়ী ও কাঞ্চন। তাদের প্রশ্ন—
“ঘরের ভেতরেই যেখানে এমন ভয়াবহ ঘটনা ঘটে যেতে পারে, সেখানে কাদের ভরসায় রাখা সম্ভব মেয়েকে ?”












